ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। মালদ্বীপের কাছে ২-০ গোলে হারের পর মঙ্গোলিয়ার সঙ্গে করেছে গোলশূন্য ড্র। ম্যাচ দুটিতে বাংলাদেশ গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি। বিশেষ করে সিলেটে ৯০ মিনিট স্বাগতিকরা আধিপত্য দেখিয়েও গোল পায়নি। এমন ড্র ম্যাচ দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আফসোসে পুড়ছেন।
খেলোয়াড়ি জীবনে দেশের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন কাজী সালাউদ্দিন। আবাহনী লিমিটেডের হয়ে মাঠ মাতিয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচ ও পরবর্তীতে সংগঠক হিসেবে কাজ করছেন তিনি। মঙ্গোলিয়ার বিপক্ষে যেভাবে রাকিব-সুমনরা গোল মিস করেছেন, তার কাছে লেগেছে দৃষ্টিকটু।
আজ (বুধবার) ওই ম্যাচ নিয়ে বাংলা ট্রিবিউনকে সালাউদ্দিন বলেছেন, ‘রাকিব বারবারই প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ছিল। ভীতি ছড়িয়েছে। ভালো দিক। কিন্তু ও যদি জানতো ক্রসটা কখন করতে হবে, তাহলে গোলের সুযোগ তৈরি হতো পারতো। তা তো হয়নি। এখনও আমাদের গোলস্কোরিং সমস্যা আছে। আমি সালাউদ্দিন তো গোল দিতে পারবো না। খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে।’
এরপরই আত্মপক্ষ সমর্থন করে এই বর্ষীয়ান সংগঠক বলেছেন, ‘আমাকে দোষ দিয়ে তো কিছু হবে না। জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা থাকে মাত্র কয়েকদিন। একদিনে তো নতুন করে শেখানোর নেই। আমি যদি মাসখানেক সময় পেতাম তাহলে কাজ করা যেতো। এখন ক্লাবগুলোতে স্পেশাল ট্রেনিং কম হয়। সেখানে এখন থেকে আরও বেশি জোর দিতে হবে।’
আগামী জুনে রয়েছে এশিয়ান কাপের বাছাই পর্ব। বাংলাদেশের গ্রুপে বাহরাইন, তু্র্কমেনিস্তান ও মালয়েশিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে। সেখানে খেলার আগে সালাউদ্দিন চাইছেন জাতীয় দল নিয়ে আরও বেশি কাজ করতে। আগামী শনিবার স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
বাফুফে সভাপতির বক্তব্য, ‘আমি জাতীয় দলের কোচের সঙ্গে বসবো। জুনে কীভাবে এশিয়ান কাপে ভালো ফল করা যায়, তা নিয়ে। কারণ আমাদের ভালো করতে হলে এখন থেকে কিছু একটা করতে হবে।’