কুল-বিএসজেএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চ্যানেল আই

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে যমুনা টেলিভিশনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। বিজয়ী দলের শাওন আহমেদ একমাত্র গোলটি করে ম্যাচ সেরার পুরস্কার পান।

চ্যাম্পিয়ন দল চ্যানেল আই আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ৩০ হাজার টাকার প্রাইজমানি পেয়েছে। এছাড়া রানার্সআপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে যমুনা টিভি। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর অ্যাসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার তেহসিনা খানম। এ সময় উপস্থিত ছিলেন বিএসজের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম -সম্পাদক এস এম সুমন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

চ্যাম্পিয়ন চ্যানেল আইকে অভিনন্দন জানিয়ে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘এমন অসাধারণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। প্রথমবার এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত।’

স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর অ্যাসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার তেহসিনা খানম ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে বলেছেন, ‘স্কয়ার সব সময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই আজ মাঠে নেমেছে। এরকম আয়োজনকে আমরা সব সময় উৎসাহিত করি। আশা করছি, স্কয়ার ও বিএসজের মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।’

ফাইনালের আগে দুইটি সেমিফাইনালও অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে বাংলাভিশনকে ৪-০ গোলে হারায় যমুনা টিভি। বিজয়ী দলের শফিক পাহাড়ী ম্যাচ সেরা হন। এছাড়া চ্যানেল আই ও বৈশাখী টিভির ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। টাইব্রেকারে ৫-৪ গোলে বৈশাখী টিভিকে হারায় চ্যানেল আই। সেমিফাইনালে ম্যাচ সেরা হন আব্দুল্লাহ আল নওফেল।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি বলেছেন, ‘সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্টটি শেষ হয়েছে আজ। আগামী দিনেও বিএসজেএ আরো বড় পরিসরে মিডিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন করবে সেই প্রত্যাশা করছি।’