৩২ দলের বিশ্বকাপে তিনটি জায়গা এখনও ফাঁকা। নিশ্চিত হয়নি কারা যাচ্ছে ওই তিন জায়গায়। ফিফা অবশ্য সেজন্য অপেক্ষায় থাকছে না। কাতার বিশ্বকাপের ড্র করে নিচ্ছে আগেভাগেই। মূল পর্ব নিশ্চিত করা ২৯ দলের সঙ্গে প্লে-অফের তিন দলকে নিয়ে আজ (শুক্রবার) রাতেই গ্রুপ পর্বের ড্র হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে হতে যাচ্ছে ২০২২ বিশ্বকাপের ড্র। তার আগে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা র্যাঙ্কিং অনুযায়ী ৩২ দলকে ভাগ করে চারটি পট তৈরি করে দিয়েছে। এই পটগুলো থেকেই আট গ্রুপের জন্য চারটি করে দল ঠিক করা হবে।
ইউরোপিয়ান অঞ্চল বাদে অন্য কনফেডারেশনের দুটি দল একই গ্রুপে থাকবে না। বিশ্বকাপ বাছাই পেরিয়ে যেহেতু ইউরোপের ১৩ দল জায়গা করে নিয়েছে মূল পর্বে, সেহেতু অন্তত ৫ গ্রুপে ইউরোপের দুটি দল থাকবে একই সঙ্গে।
গতকাল (বৃহস্পতিবার) সর্বশেষ ফিফা র্যাঙ্কিং ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সেই র্যাঙ্কিং অনুযায়ীই হয়েছে চারটি পট। যেখানে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। পট-১-এ সেলেসাওদের সঙ্গে রয়েছে আয়োজক কাতার, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে আসলে নতুন র্যাঙ্কিংয়ের আটে। তবে ষষ্ঠস্থানে থাকা ইতালি বিশ্বকাপ নিশ্চিত করতে না পারায় পর্তুগিজদের স্থান হয়েছে ১ নম্বর পটে।
দ্বিতীয় পটের আট দল হলো- মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া। পট-৩-এ রয়েছে সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিশিয়া। আর ৪ নম্বর পটে ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব ও ঘানার সঙ্গে বাকি তিন দল আসবে প্লে-অফ থেকে।
কোন পটে কারা:
পট-১: কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল।
পট-২: মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া।
পট-৩: সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া।
পট-৪: ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, আন্তমহাদেশীয় প্লে-অফ-১, আন্তমহাদেশীয় প্লে-অফ-২, ইউরো প্লে-অফ।