বাংলাদেশের হেড কোচ পদে জেমি ডে আর নেই। তবে তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি এখনও আছে। দীর্ঘদিন ধরে লাল-সবুজ দলের কোচের পদে থেকে এই দেশের অনেক কিছুই তার জানা। এখনও হৃদয়ে লালন করেন বাংলাদেশকে। এই যেমন তার ১১ বছর বয়সী ছেলে তাইলার স্কুলে বাংলাদেশের জার্সি পরেছে জাতিসংঘ দিবসে!
নিয়ম হলো, এই দিবসে অন্য যেকোনও দেশের জার্সি পরে স্কুলে যাওয়া যায়। ডে’র ছেলে তাই বাংলাদেশের জার্সি বেছে নিয়েছে। ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলা ট্রিবিউনকে ডে বলেছেন, ‘আমার ছেলের স্কুলে জাতিসংঘ দিবস পালিত হয়েছে। এখানে যেকোনও দেশের জার্সি পরে স্কুলে যাওয়ার সুযোগ ছিল। সেক্ষেত্রে আমার ছেলের বাংলাদেশের জার্সিটাকেই মনে ধরেছে।’
জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছেদ হলেও লাল-সবুজ জার্সি মনে রাখার পেছনে এই ইংলিশ কোচের ব্যাখ্যা, ‘বাংলাদেশ আমাদের জীবনে অবিচ্ছেদ অংশ হয়ে আছে। এটা আমরা ইংল্যান্ডে সবার মাঝে দেখাতে চাইছি।’