বাংলাদেশের সাবেক কোচের আবিষ্কার গাম্বিয়ান স্ট্রাইকার নুহা

বসুন্ধরা কিংসে চতুর্থ বিদেশি হিসেবে খেলবেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার নুহা মারং। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের জন্ম স্পেনে। তবে বাবা-মায়ের সূত্রে গাম্বিয়া জাতীয় দলের হয়ে খেলছেন। সেই সূত্রে দেশটির বর্তমান কোচ বেলজিয়ামের টম সেইন্টফিটের সঙ্গে ভালোই সম্পর্ক তার। ঢাকায় আসার আগে বাংলাদেশের ফুটবল নিয়ে নুহাকে কিছুটা ধারণা দিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ।

সেইন্টফিট ২০১৬ সালের জুনে মাত্র তিন মাসের জন্য বাংলাদেশের কোচ ছিলেন। তবে সুবিধা করতে পারননি। ব্যর্থ হয়ে বিদায় নিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে নুহাকে ঢাকায় ক্লাব ফুটবলে অংশ নেওয়ার আগে পরামর্শ দিতে ভোলেননি এই বেলজিয়ান।

নুহা ২০১৯ সাল থেকে গাম্বিয়া জাতীয় দলে খেলেছেন। যদিও চার ম্যাচ খেলে কোনও গোল করতে পারেননি। তবে দুটি গোলে অ্যাসিস্ট আছে তার। আফ্রিকান নেশনস কাপের বাছাই পর্বে সতীর্থদের দিয়ে গোল করিয়েছিলেন।

বাংলাদেশের সাবেক কোচ সেইন্টফিট তার শিষ্য সম্পর্কে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নুহাকে আমি নিজে আবিষ্কার করেছি। স্পেনে গিয়ে তাকে গাম্বিয়ার হয়ে খেলতে রাজি করাই। ও আমার অধীনে জাতীয় দলে চার ম্যাচ খেলেছে। তবে আফ্রিকান নেশনস কাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি ওর।’

আফ্রিকান নেশনস কাপে এবার গাম্বিয়াকে বহুদূর নিয়ে যান সেইন্টফিট। তার অধীনে নতুন এক দল পেয়েছে আফ্রিকার দেশটি। বাংলাদেশে আসার আগে নুহাকে কী পরামর্শ দিয়েছেন ৪৯ বছর বয়সী কোচ? যদিও কিছু খোলাসা করতে চাননি বেলজিয়ান কোচ। শুধু বলেছেন, ‘বাংলাদেশের ফুটবল সম্পর্কে ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাকে শুভকামনা জানিয়েছি। এর চেয়ে বেশি কিছু আমি মিডিয়াতে বলতে চাই না। কেননা এটা আমার ও খেলোয়াড়ের ব্যক্তিগত আলোচনা।’

বসুন্ধরা কিংসে যোগ দেওয়া এই স্ট্রাইকারের প্রশংসা করতে ভুল করেননি সেইন্টফিট, ‘নুহা শারীরিকভাবে বেশ দক্ষ একজন স্ট্রাইকার। বুদ্ধিমান। বল হোল্ড করতে পারে। দলের প্রয়োজনে উইং কিংবা দ্বিতীয় স্ট্রাইকার হয়েও খেলতে পারে। একজন টার্গেট ম্যান সে।’

আগামী ২৪ মে থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। সেখানেই নুহাসহ নতুনদের পরীক্ষা হবে।