ইউরোপে জায়ান্টদের শিরোপা উৎসব

ইউরোপের ক্লাব ফুটবলে জায়ান্টদের গতকালকের রাতটা ছিল উৎসবের। প্রত্যাশিতভাবে শিরোপা উৎসব করেছে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুন্দেসলিগায় জার্মান জায়ান্ট বায়ার্ন দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে উৎসব করেছে। লিগ ওয়ানে পিএসজিকে অবশ্য লাঁসের সঙ্গে ১-১ ড্রয়ে উৎসব করতে হয়েছে।

টানা দশমবারের মতো শিরোপা জেতা বায়ার্ন নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। ইউরোপে ২০১৯-২০ মৌসুমে তাদের যে সাফল্য ছিল, তার পুনরাবৃত্তি করতে পারেনি এবার। তবে ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য থাকার রেকর্ড অক্ষুণ্ন থেকেছে। এখন পর্যন্ত হেরেছে মাত্র ৪টি ম্যাচ। ডর্টমুন্ডের বিপক্ষেও তাদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের সাত শটের বিপরীতে বায়ার্নের শট ছিল ১৪টি! 

ডর্টমুন্ডকে ৩-১ গোলে বিধ্বস্ত করা ম্যাচে একটি করে গোল ছিল জনাব্রি, লেভানদোভস্কি ও মুসিয়ালার। ডর্টমুন্ডের হয়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন এমরে কান। ১২ পয়েন্টের লিড রেখে শিরোপা নিশ্চিত করা বায়ার্নের আরও তিন ম্যাচ বাকি।

চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে পিএসজি। ফরাসি জায়ান্ট পিএসজি অবশ্য ড্র নিয়েই শিরোপা উৎসব করেছে। তবে লিগে তাদের ম্যাচ বাকি আছে ৪টি। ৬৮ মিনিটে লিওনেল মেসির বাঁকানো শটে লক্ষ্যভেদের পর মনে হচ্ছিল পিএসজি বোধহয় জয় নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে। অথচ লিগ জিততে প্রয়োজন ছিল আর একটি পয়েন্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হওয়া লাঁসে সমতা ফেরায় শেষ দিকে। ৮৮ মিনিটে গোলটি করেন জ্যাঁ। ৩৪ ম্যাচ পর তাদের পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা মার্শেইর সংগ্রহ ৬২ পয়েন্ট। 

অবশ্য দশম শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসিয়েও সমর্থকদের পাশে পায়নি পিএসজি। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হওয়ার ঘটনাটি এখনও তারা ভুলতে পারেননি। তাই কোনও না কোনও ভাবে ক্ষোভ প্রকাশ করছেনই। শিরোপা উৎসবের ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগেই স্টেডিয়াম ছেড়ে যান তারা। খেলোয়াড়দের ছাড়া ক্লাবের শিরোপা উদযাপন করেন মাঠের বাইরে, তাও নিজেদের মতো করে।

পিএসজি অধিনায়ক মার্কুইনহোস তাই এভাবেই প্রতিক্রিয়া জানালেন ম্যাচের পর, ‘যে রকম দেখলাম, তা সত্যিই লজ্জার। পিএসজির হয়ে প্রথমবার শিরোপা জেতা কোচ পচেত্তিনোও বললেন, ‘সমর্থকদের নিয়ে আমরা কঠিন এক সময় পার করছি। আশা করছি, হয়তো এটা ঠিক হয়ে যাবে। আমরা গণতন্ত্রে বাস করি, তাই সব ধরনের প্রতিবাদ গ্রহণ করছি। কিন্তু একটু হলেও শিরোপার জন্য সম্মান প্রদর্শন করা উচিত।’