চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসের কথা ভাবলে যে কোনও দলের বুক কাঁপার কথা। যা স্বীকার করেছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। কিন্তু রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সেমিফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে ম্যানসিটি। ঐতিহ্য ধরে রাখতে এখন দ্বিতীয় লেগে ম্যাজিক্যাল কিছু করে দেখাতে মরিয়া লস ব্লাঙ্কোস। প্রাণভোমরা করিম বেনজিমা সেই কথাই মনে করিয়ে দিলেন ম্যাচের পর।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটা ছিল শ্বাসরূদ্ধকর। ১১ মিনিটের মধ্যেই রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দিয়েছিল সিটি। কেভিন ডি ব্রুইনা আর গ্যাব্রিয়েল জেসুস দুই গোল করে স্কোর ২-০ করেছিলেন।
বিরতির আগে একটি গোল শোধ দিয়ে মাদ্রিদ শিবিরে প্রাণ ফেরান বেনজিমা। বিরতির পর ৫৩ মিনিটে সিটির লিড আরও বাড়িয়ে নেন ফিল ফডেন। ৫৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে ব্যবধান ৩-২ করলেও সিটি তাদের স্বস্তিতে থাকতে দেয়নি। ৭৪ মিনিটে আবার বের্নার্দো সিলভা গোল করলে স্কোর দাঁড়ায় ৪-২। ৮২ মিনিটে বেনজিমার পানেকা পেনাল্টি স্কোর লাইন ৪-৩ করলেও সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। তবে ব্যবধান কম থাকায় দ্বিতীয় লেগটা জমজমাট হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। বেনজিমা তো জাদুকরী কিছু করে দেখানোর বার্তা দিয়ে রাখলেন, ‘হার কখনোই ভালো নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আমরা শেষ পর্যন্ত হাল ছেড়ে দেইনি। এখন বার্নাব্যুতে খেলা। সেখানে আমরা জয়ের জন্য ম্যাজিক্যাল কিছু করে দেখাবো।’
নকআউটে ম্যাজিক্যাল পারফরম্যান্সের কথা বললে বার্নাব্যু আগেই তার ঝলক দেখিয়ে রেখেছে। শেষ ষোলোতেই যেমন। প্রথম লেগে পিএসজির কাছে ১-০ গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে বেনজিমার হ্যাটট্রিক তাদের জেতায় ৩-১ ব্যবধানে।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে ৫-৪ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে বিদায় দিতে অতিরিক্ত সময়ে বেনজিমার গোলই ছিল যথেষ্ট। এখন সেমিফাইনালের দ্বিতীয় লেগেও এমন কিছুর অপেক্ষায় আছেন মাদ্রিদ সুপারস্টার।