ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে বিপর্যস্ত পুরো দেশ। যুদ্ধাবস্থায় ইউক্রেনের প্রিমিয়ার লিগও মাঠে গড়ানো যাচ্ছে না। তাই মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত করা হয়েছে।
লিগের শীর্ষস্থানীয় দলগুলো নিয়ে ভিডিও কনফারেন্সে সভা অনুষ্ঠিত হছে মঙ্গলবার। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।
অবশ্য শীতকালীন বিরতির কারণে সেই ডিসেম্বর থেকে মৌসুম স্থগিত হয়ে ছিল। যেটি শেষ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি। কিন্তু দেশটিতে চলমান রাশিয়ান আগ্রাসনে লিগটি পুনরায় চালু করতে বিলম্ব হচ্ছিল।
মৌসুম পরিত্যক্ত করতে গিয়ে বিবৃতিতে ইউক্রেনের প্রিমিয়ার লিগ বলেছে, ‘২০২১-২২ মৌসুম বাতিলের প্রস্তাবে ইউক্রেন প্রিমিয়ার লিগের ক্লাবগুলো একমত হয়েছে। যেহেতু ইউক্রেনে মার্শাল ল’য়ের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই চ্যাম্পিয়নশিপ আর মাঠে গড়ানো সম্ভব নয়।’
এই অবস্থায় ফেব্রুয়ারির পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থানকেই লিগের চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। যাতে থাকছে না কোনও বিজয়ী।
এই মৌসুমে ১৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল শাখতার দোনেৎস্ক। তাদের পর ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ডায়নামো কিয়েভের।