ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের আগে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়া ছাড়া আফগানিস্তান-নেপালও ছিল সেই আলোচনায়। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার বিপক্ষেই খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১ জুন তাদের মাঠে গিয়ে ম্যাচ খেলবে লাল-সবুজ দল। বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটির জরুরি সভা শেষে এর চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এ তথ্য দিয়েছেন।

এমনিতে ইন্দোনেশিয়া ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাদের অবস্থান ১৫৯তম। আর লাল-সবুজ দলের অবস্থান ১৮৮।

টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সভা শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জুন মাসে এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৬ মে থেকে জাতীয় দলের সারা রিসোর্টে অনুশীলন শুরু হবে। এরপর দল সেখান থেকে এসে বসুন্ধরা কিংস অ্যারেনাতে অনুশীলন করবে। প্রস্তুতি ম্যাচটি হবে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী বান্দুং শহরে। দল ঢাকা ছাড়বে ২৭ মে।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে বাংলাদেশ দল সেখান থেকে যাবে মালয়েশিয়ায়। ওখানে ৮ থেকে ১৪ জুন এশিয়ান কাপের বাছাই পর্বে জামাল ভূঁইয়ারা ‘ই’ গ্রুপে স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে।