এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে খেলার আগে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ জুন তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। সেই লক্ষ্যে আগামী ২৭ মে ঢাকা ছাড়বে দল। এই প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যই হচ্ছে বড় টুর্নামেন্টের আগে জাতীয় দলের অবস্থানটা দেখতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
স্প্যানিশ কোচের অধীনে এরই মধ্যে খেলার অভিজ্ঞতা হয়েছে জামাল ভূঁইয়াদের। মঙ্গোলিয়ার বিপক্ষে খেলেছে গত মার্চে। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। গোলশূন্য ড্রয়ে ম্যাচটি শেষ হয়েছিল। এরপর অবশ্য প্রিমিয়ার লিগে অনেকগুলো ম্যাচ হয়েছে। এখন নতুন করে দলের খেলোয়াড়দের অবস্থান দেখতে চাইছেন ৩৭ বছর বয়সী কোচ, ‘মালয়েশিয়ায় আমরা যে পরিবেশে খেলবো ইন্দোনেশিয়ার সঙ্গে তার খুবই মিল আছে। আমরা আসলে কী অবস্থায় আছি, সেটা জানতে ইন্দোনেশিয়া আমাদের জন্য ভালো একটা বিকল্প হতে পারে।’
শিষ্যদের নিয়ে আবার আগামী ১৬ মে থেকে অনুশীলনের মাঠে নেমে পড়বেন কাবরেরা। কোচ এখন পর্যন্ত শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। তারা আমার সঙ্গে কয়েকটি অনুশীলন সেশন করেছে। মে মাসে আরেকটি অনুশীলন সেশনের জন্য মুখিয়ে আছি।’
এশিয়ান কাপের আগে এএফসি কাপ খেলবে বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ জাতীয় দলের জন্য ঘরোয়া ক্লাবের এই ম্যাচটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন, ‘বসুন্ধরা কিংস এএফসি কাপে তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবে। এটা আমাদের জন্য অবশ্যই ভালো। বাংলাদেশের একটা দল আন্তর্জাতিক পর্যায়ে খেলছে, জাতীয় দল আর খেলোয়াড়দের অভিজ্ঞ হতে এই ম্যাচগুলো ভীষণ কাজে দেবে।’