এএফসি কাপে শক্তি বাড়ালো বসুন্ধরা কিংস

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কলকাতার গ্রুপ পর্ব সামনে রেখে অস্কার ব্রুজনের দল প্রস্তুতি নিচ্ছে। দলটিতে আগে থেকে আছে চার বিদেশি। এবার নতুন সংযোজন শেখ জামালে খেলা চিনেদু ম্যাথিউ। এএফসি কাপের জন্য এই আফ্রিকানকে দলে টেনেছে বসুন্ধরা।

এএফসি কাপে একাদশে চার বিদেশি খেলতে পারবে। তবে নিবন্ধন বেশি করার সুযোগ আছে। এমনিতে বসুন্ধরায় আছেন ইরানের খালেদ শাফিই, ব্রাজিলিয়ান রবিনিয়ো ও মিগেল ফেরেইরা এবং গাম্বিয়ার নুহা মারং। অতিরিক্ত হিসেবে মিডফিল্ডার ম্যাথিউকে নিবন্ধন করা হয়েছে, যিনি প্রিমিয়ার লিগের প্রথম পর্বে করেছেন ৭ গোল।

ক্লাব সূত্রে জানা গেছে, দলটি ডিফেন্সে আরও একজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার চেষ্টা করছে।

এএফসি কাপে বসুন্ধরার প্রথম ম্যাচ আগামী ১৮ মে। মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের মুখোমুখি হবে তারা রাত সাড়ে ৮টায়। ২১ মে বসুন্ধরা-মোহনবাগান ম্যাচ হবে বিকাল সাড়ে ৪টায়। ২৪ মে বসুন্ধরা-গোকুলাম কেরালার ম্যাচটিও বিকাল সাড়ে ৪টায়।