সিলেট বিকেএসপিতে সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন

সিলেট বিকেএসপিতে আগে থেকেই কার্যক্রম হয়ে আসছে। এবার তাতে গতি ফেরাতে একাডেমিক ভবনের পাশাপাশি নতুন করে সিনথেটিক ফুটবল মাঠেরও উদ্বোধন করা হলো।

রবিবার দুপুরে সিলেট বিকেএসপিতে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল নতুন এই মাঠ উদ্বোধন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট-এর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্থাপনা প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

বিকেএসপির মহাপরিচালক এএকে এম মাজহারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

একসময় এই সিলেট বিকেএসপি-ই একাডেমির জন্য ব্যবহার করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরবর্তীতে তা বিকেএসপির কাছে হস্তান্তরও করা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় ৫ বছর সিলেট বিকেএসপি ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল। তারা এখানে একাডেমি তৈরি করেছিল, যে কারণে আমরা দীর্ঘদিন সংস্কার কাজ করতে পারেনি। ২০১৭ সালে তারা যখন সিলেট বিকেএসপিকে আমাদের কাছে হস্তান্তর করে, তখন এটিকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করি।’

এরপরই তিনি সিলেট বিকেএসপিকে ফুটবলের জন্য ডেডিকেটেড উল্লেখ করে বলেছেন, ‘এরই ধারাবাহিকতায় আজ প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিকেএসপির নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করা হলো। আমরা অচিরেই এটিকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে সুইমিংপুল ও জিমন্যাসিয়াম তৈরি করবো। আমরা সিলেটকে ফুটবলের জন্য ডেডিকেট করেছি।’