সাফ ও চার জাতি টুর্নামেন্টের পর জাতীয় দল থেকে ছিটকে পড়েন সাদ উদ্দিন। সুযোগ হয়নি মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও। তাই নতুন স্প্যানিশ কোচের অধীনে অনুশীলন করার সুযোগ পাননি। তবে কাবরেরার দৃষ্টি কাড়তেও সময় লাগেনি শেখ রাসেল তারকার। উইং কিংবা ডিফেন্স; দলের চাহিদা মতো অলরাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন বলে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। এখন শুধু কাবরেরার অনুশীলনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা।
বসুন্ধরা কিংস অ্যারেনাতে বৃহস্পতিবার অনুশীলন শেষে কাবরেরার অনুশীলন পদ্ধতি নিয়ে কথা বলেছেন সাদ। তার উপলব্ধি, ‘এই প্রথম নতুন কোচের সঙ্গে কাজ করছি। এই তিন দিন হাই ইনটেনসিটির ট্রেনিং হলো। চেষ্টা করছি তার টেকনিক ও ট্যাকটিকসসহ সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার।’
ফের জাতীয় দলে জায়গা পেয়ে নিজের খুশি আড়াল করেননি এই তারকা, ‘এই ফেরাটা আমার জন্য চ্যালেঞ্জিং। লিগের প্রথম পর্বে ক্লাবের পজিশন খারাপ ছিল, দ্বিতীয় লেগে অনেকটা রিকভার করেছি। তাই আমার জন্য চ্যালেঞ্জ থাকবে আমি যে আগের মতোই আছি, কাবরোর কাছে সেটা প্রমাণ করা। স্কোয়াডে থাকার জন্য চেষ্টা করবো, খেলার জন্য চেষ্টা করবো।’
আরেক তরুণ ফুটবলার মারাজ হোসেনও চাইছেন কোচের মন জয় করতে, ‘ক্যাম্পে যারা আছে, সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করছে অনুশীলনে ভালো করে কোচের আস্থা অর্জন করতে। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি যেহেতু নতুন, আমার জন্য চ্যালেঞ্জটা বেশি।’