এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়া যাওয়ার আগে ম্যাচটি যেন জম্পেস হয়, সেই লক্ষ্য লাল-সবুজ দলের। প্রস্তুতিটা সেভাবে সেরে রাখতে চাইছে জামাল ভূঁইয়ারা। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি মিলেছে।
শক্তির বিচারে ইন্দোনেশিয়া বেশ এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৯তম স্থানে আছে। আর বাংলাদেশের অবস্থান ১৮৮ নম্বরে। বান্দুংয়ে তাদের মাঠে লড়াই করা যে কঠিন, তা বুঝতে পারছেন জামাল। তারপরও সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী সুরে কথা বলেছেন।
সবাই যে এই ম্যাচটির জন্য অপেক্ষা করে আছে, তা নির্দ্বিধায় বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা ১২ দিনের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছি। দলের সবাই এ ম্যাচের জন্য মুখিয়ে আছে। কঠিন একটা ম্যাচ হবে।’
প্রতিপক্ষকে সমীহ করে এরপরই তার মন্তব্য, ‘ইন্দোনেশিয়া শক্তিশালী দল এবং অবশ্যই জয়ের প্রশ্নে তারা ফেভারিট থাকবে, কিন্তু নিজেদের প্রতি আমাদেরও বিশ্বাস আছে। আমি মনে করি, আমরা তাদের বিপক্ষে লড়াই করতে পারবো এবং ভালো পারফরম্যান্স করতে পারবো।’
এই ম্যাচ থেকে ইতিবাচক অভিজ্ঞতা অর্জন হবে বলে জামালের বিশ্বাস। তবে এজন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলে মনে করেন তিনি, ‘ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি দলের খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতা হবে। কিছু অর্জন করতে হলে আমাদের কাজ করতে হবে। আমাদেরও মূল লক্ষ্য কঠোর পরিশ্রম করে তা অর্জন করা।’