নাপোলির জয় ছাপিয়ে আলোচনায় দর্শকদের বর্ণবাদী আচরণ

গঞ্জালো হিগুয়াইন ও হোসে কায়েহনের গোলে সিরি আতে লাৎসিওকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাপোলি। তবে রাতের খেলায় নাপোলির জয় ছাপিয়ে আলোচনায় লাৎসিও দর্শকদের বর্ণবাদী আচরণ। নাপোলি
ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিক দর্শকরা নাপোলির সেনেগালের ডিফেন্ডার কালিদৌ কোলিবালিকে উদ্দেশ করে বর্ণবাদী স্লোগান দিতে থাকে। এ সময় প্রায় তিন মিনিট খেলা বন্ধ রাখা হয়। পরে দুই দলের খেলোয়াড়, কোচ আর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ম্যাচটি আবার শুরু করেন রেফারি। 

প্রতিপক্ষের মাঠে গত বুধবার আর্জেন্টিনার ফরোয়ার্ড হিগুয়াইনের ২৪তম মিনিটের গোলে এগিয়ে যায় নাপোলি। এই নিয়ে ২৩ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত সিরি আ'র সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের ফরোয়ার্ড কায়েহন। 

এ জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জুভেন্টাস।
/এমআর/