ভারতের অনুরোধে সাফ চ্যাম্পিয়নশিপ পেছালো, সুযোগ পেলো পাকিস্তান

আগামী ২৯ আগস্ট থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের অনুরোধে টুর্নামেন্টটি একসপ্তাহ পিছিয়ে গেছে।

নতুন সময় অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর। এছাড়া সপ্তম দেশ হিসেবে পাকিস্তান খেলার সুযোগ পেয়েছে। ফিফার সাসপেনশন প্রত্যাহার হওয়ায় পাকিস্তান সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে। 

টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বনির্ধারিত সময়ে ভারতের ক্লাব এএফসির টুর্নামেন্টে ব্যস্ত থাকবে। সেই দলে জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। যে কারণে তাদের জন্য সাফে অংশ নেওয়া কঠিন ছিল। ওরা দুই সপ্তাহ পেছানোর অনুরোধ করেছিল। তাই আমরা টুর্নামেন্ট একসপ্তাহ পিছিয়ে দিয়েছি।’

বাংলাদেশসহ সাতটি দল নিয়ে দুই গ্রুপে হবে খেলা। চলতি মাসের মধ্যে ড্র ও গ্রুপিং হওয়ার ইঙ্গিত মিলেছে।