শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯০ বছর বয়সী এই কোচ ও ফুটবলার রিও ডি জেনেইরোর হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হয়েছেন মঙ্গলবার।
খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা প্রথম ব্যক্তি জাগালো সেলেসাওদের হয়ে ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জয়ের পথেও অবদান রেখেছিলেন। দুটি বিশ্বকাপ জেতা এই ফুটবলারের ব্রাজিল কোচ হিসেবে যাত্রা শুরু ১৯৬৭ সালে। তার অধীনেই ১৯৭০ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। সহকারী কোচ ছিলেন ব্রাজিলের ১৯৯৪ সালের সাফল্যের সময়েও। তার পর ১৯৯৮ বিশ্বকাপেও কোচ ছিলেন। সেবার ফাইনালে অবশ্য ফ্রান্সের কাছে হেরেছিল সেলেসাওরা।
আর কিছুদিন পর বয়স ৯১ বছর হয়ে যাবে ‘বুড়ো নেকড়ে’ বলে পরিচিত এই কিংবদন্তির। পুরো জীবনে বর্ণময় চরিত্রের অধিকারী জাগালো এই বয়সেও সরব সোশ্যাল মিডিয়ায়। নিয়মিত ক্যারিয়ারের বিভিন্ন স্যুভেনির ছবি ইন্সটাগ্রামে পোস্ট করতেন। চার দিন আগেও ছবি পোস্ট করেন সেলুনের। যেখানে তার অনুসারীর সংখ্যা এক লাখ ১৫ হাজারের মতো।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘জাগালো এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। কোনও ধরনের যন্ত্রের সাহায্য লাগছে না।’