এএফসি কাপের সেরা দশে বসুন্ধরার এই ব্রাজিলিয়ান

এএফসি কাপে গ্রুপ পর্বের সেরা দশে জায়গা পেয়েছে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রবিনিয়োর গোল। গত মে মাসে গ্রুপ পর্বে গোকুলাম কেরালার বিপক্ষে দৃষ্টিনন্দন গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তাতেই এএফসির ওয়েবসাইটে সেরা দশটি গোলের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

গোকুলামের বিপক্ষে সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৩৬ মিনিটে রবিনিয়ো চোখ-ধাঁধানো গোলে কেরালার গোলকিপারকে পরাস্ত করেছেন। বক্সের কোনা থেকে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী ফুটবলার।

গ্রুপ পর্বের সেরা দশের এই ভোটের লড়াই চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরের রাউন্ডে জায়গা করে নেবে সেরা পাঁচটি গোল। ভোট দেওয়া যাবে এএফসি অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে একটি পুল চালু করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেই পুলে ৫৪৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছে রবিনহোর গোল।

২৩৭৮ ভোট পেয়ে সবার ওপরে আছেন ভিসাকা এফসির মিডফিল্ডার রোনাল্ড ওয়ানজার গোল। ২৩৭০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসোর করা গোলটি।