সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে মিরাজুল ইসলামের গোলে বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে মিরাজুল আবারও নিজেকে চিনিয়েছেন। করেছেন হ্যাটট্রিক। তাতেই বাংলাদেশ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে।
হ্যাটট্রিক করে মিরাজুল উচ্ছ্বসিত। পরের ম্যাচেও গোলের ধারাবাহিকতা রাখতে চাইছেন এই ফরোয়ার্ড।
ভারতের ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়ামে প্রথমার্ধেই চার গোল পায় বাংলাদেশ। তাতেই অনেকটা হার নিশ্চিত হয়ে যায় মালদ্বীপের।
এর মধ্যে তিনটি গোল করেছেন মিরাজুল ইসলাম। অন্যটি রফিকুল ইসলামের পা থেকে এসেছে। ম্যাচ শেষে মিরাজুল ভিডিও বার্তায় বলেছেন,‘দেশকে কিছু দিতে পেরে অনেক ভালো লাগছে। সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। সবাই ফাইনালে খেলার অপেক্ষায় আছি। ফাইনালে কিছু করতে পারলে ভালো লাগবে।’
আগামী ২ আগস্ট লিগ পর্বে নেপালের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। এছাড়া এর দুই দিন আগে নেপাল ও ভারতের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে তখন বাংলাদেশও চলে যাবে ফাইনালে।
মিরাজুল তাই নেপালের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক পেতে চাইছেন,‘নেপালের বিপক্ষে গোল পেতে চাই। আছে হ্যাটট্রিকের ইচ্ছাও। আসলে প্রতি ম্যাচে গোল করার চিন্তা করে মাঠে নামি। নেপালের বিপক্ষে যেন জিততে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
চার গোলের একটি আবার রফিকুল ইসলামের। টুর্নামেন্টে প্রথম গোল পেয়ে রফিুকলও কম খুশি নন,‘অনেক ভালো লাগছে গোল পেয়ে। এখন ফাইনালে যেন উঠতে পারি, সেই চেষ্টা করতে হবে। উঠতে পারলে চ্যাম্পিয়ন হতে হবে। দেশকে কিছু দিতে পারলে ভালো লাগবে।’
বাংলাদেশ দলের কোচ ইংল্যান্ডের বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান পল স্মলি। দলের পারফরম্যান্সে বেশ খুশি এই কোচ,‘মিরাজুল অনেক পরিশ্রম করেছে। মাঠে তার খেলার ধরন ছিল অনেক ভালো। আমি খুশি তার পারফরম্যান্সে। এছাড়া অন্যরাও ভালো খেলেছে। আমরা ফাইনালে খেলতে চাই। সেভাবে প্রস্তুতি নিতে হবে।’