ফরাসি মৌসুম শুরুর আগে লড়াইয়ে নেমে থাকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপ বিজয়ীরা। গত মৌসুমে লিলের কাছে শ্রেষ্ঠত্ব হারালেও এবার আর ভুল হয়নি প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। নঁতেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফরাসি সুপার কাপ ঘরে তুলেছে মেসি-নেইমারদের দল।
মেসির একটি গোলের পাশাপাশি জোড়া গোল করেছেন নেইমার। সের্হিয়োও রামোসও করেছেন একটি। তাতে ১০ বছরে নবমবার ঐতিহ্যবাহী ট্রফিটি ঘরে তুলেছে ফরাসি জায়ান্টরা। অবশ্য এমন পারফরম্যান্সের পর নেইমার একহাত নিয়েছেন মেসির সমালোচকদের।
ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মেসির পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল। কিন্তু এই মৌসুম শুরুর ট্রফি জিততে অবদান রাখলেন এই আর্জেন্টাই তারকাই। যার প্রথম গোলটিতে অবদান ছিল নেইমারেরও। তাই ব্রাজিলিয়ান তারকাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি পিএসজিতে নতুন মেসির যাত্রা শুরু? জবাবে নেইমার একটু বিক্ষুব্ধ-ই হয়ে উঠলেন যেন, ‘আমার মনে হয় না। আসলে কি মেসিকে নিয়ে লোকজন বেশি কথা বলে। তারা মোটেও জানে না প্রতিটা দিন কী চলছে। কী চলছে মনের ভেতর।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘লিও একজনই। আর ওর কোনও পরিবর্তন নেই। ও সব সময়ই পার্থক্য গড়ে দেয় এবং মানিয়ে নেয়।’