আগামী ৬ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে নামার আগে বাংলাদেশ নারী দলের দুটি প্রীতি ম্যাচ খেলার কথা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কথা-বার্তা অনেক দূর এগোলেও শেষ পর্যন্ত তারা আসছে না। নতুন করে আলোচনায় ইন্দোনেশিয়ার নাম।
আগামী ২৯ অগাস্ট ও ১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। আরব আমিরাত শেষ মুহূর্তে অপারগতা জানানোয় ইন্দোনেশিয়া এখন শেষ ভরসা। সেক্ষেত্রে ঢাকা কিংবা যেকোনও ভেন্যুতেই খেলতে প্রস্তুত বাংলাদেশ।
আজ (শনিবার) বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, “এখনও আমরা আরব আমিরাতের কাছ থেকে কোনও লিখিত পাইনি, কিন্তু আজকে মৌখিকভাবে- ফোনে, হোয়াটসঅ্যাপ বার্তায় তারা আমাদেরকে ‘আসতে পারছে না’ বলে জানিয়েছে। কোচের সিদ্ধান্ত এবং অনান্য বিষয়গুলো প্রাধান্য দেওয়ায় তারা বাংলাদেশে দল পাঠানো সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করেছে।”
আরব আমিরাত না করে দেওয়ায় বাফুফে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। নতুন প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়ার নাম সামনে চলে এসেছে। আবু নাইম সোহাগ বলেছেন, ‘যেহেতু মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য খুব মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমরা খুব করে চাচ্ছিলাম এ মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে যাওয়ার আগে যেন দল প্রীতি ম্যাচ খেলতে পারে। এজন্য আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে ইন্দোনেশিয়ায় গিয়ে প্রীতি ম্যাচ খেলে আমরা নেপালে যাবো। নয়তো ইন্দোনেশিয়াকে ঢাকায় এনে অন্তত একটা ম্যাচ খেলবো।’
ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকলে নেপালের কাঠমান্ডুতে হতে যাওয়া মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না ভারত। বর্তমান সূচিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপে আগে থেকেই আছে তিন দল- স্বাগতিক নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।
এদিকে সেপ্টেম্বরে ছেলেদের ফুটবলে ফিফা প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কম্বোডিয়া ও নেপাল। দুটি ম্যাচ সামনে রেখে ২৬ সেপ্টেম্বর থেকে জামাল-জিকোদের ক্যাম্প শুরু হওয়ার কথা। উত্তরায় পুলিশ এফসির মাঠে ক্যাম্প করতে আগ্রহী কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফেও তাই চাইছে। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।