ইন্দোনেশিয়াও হতাশ করলো বাংলাদেশকে!

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হতে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ।  এই টুর্নামেন্টেকে সামনে রেখে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আরব আমিরাতের পর ইন্দোনেশিয়াও হতাশ করেছে! ফলে প্রীতি ম্যাচ না খেলেই কাঠমান্ডুতে যেতে হচ্ছে সাবিনা-মনিকাদের।

শুরুতে আরব আমিরাতের বিপক্ষে খেলা অনেকটা নিশ্চিত ছিল। শেষ মুহূর্তে দলের খেলোয়াড়দের চোটের কারণে তারা খেলতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ হলেও তারা কোনও সাড়া দেয়নি। তাই কোনও ম্যাচ না খেলে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে গোলাম রব্বানী ছোটনের দল।

মঙ্গলবার নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চেষ্টা করেও মেয়েদের জন্য ম্যাচ আয়োজন করতে পারিনি। ইন্দোনেশিয়া তো সাড়াই দেয়নি। এখন নিজেদের মধ্যে ম্যাচ খেলে দল কাঠমান্ডুতে যাবে। আশা করছি, ফল খারাপ হবে না।’

নারীদের সাফে ‘এ’গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাংলাদেশ। এছাড়া চতুর্থ দল হিসেবে রয়েছে মালদ্বীপ। ‘বি’গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে ভারতের খেলা এখনও অনিশ্চিত।