সাবিনার জোড়ায় জয়ে শুরু বাংলাদেশের

মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে সাবিনা খাতুনের। সেই সূত্রে দেশটির ফুটবল সম্পর্কে ভালোই জানা তার। তাই তো সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে জ্বলে উঠতে সময় নেননি বাংলাদেশ অধিনায়ক। এই স্ট্রাইকারের জোড়ায় মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

আজ (বুধবার) নেপালের কাঠমান্ডুতে সাবিনা-মনিকারা একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে। প্রথম গোছানো আক্রমণটা হয়েছে ম্যাচের ৩১ মিনিটে। অধিনায়ক সাবিনার পাস ধরে গোলকিপারকে একা পেয়েছিলেন কৃষ্ণা রানী সরকার। কিন্তু তার শট হয় লক্ষ্যভ্রষ্ট। পরের মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন সাবিনা। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। ঝাঁপিয়েও আটকাতে পারেনি মালদ্বীপ গোলকিপার।

প্রথম গোলের আট মিনিটের মধ্যে মালদ্বীপের জালে আরও দুইবার বল জড়িয়েছে বাংলাদেশ। ৩৪ মিনিটে সতীর্থের থ্রু পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নেন মাসুরা পারভীন। এরপর দারুণ দক্ষতায় বল জালে পাঠান এই ডিফেন্ডার।

৪০ মিনিটে স্কোরলাইন ৩-০ করে বাংলাদেশ। আবারও গোল সাবিনার। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে মারিয়া মান্দার শট মালদ্বীপ গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি বল অনায়াসে জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে আক্রমণ অব্যাহত থাকলেও গোল পায়নি বাংলাদেশ। ৬১ মিনিটে কৃষ্ণার  ক্রস থেকে সাবিনার ভলি অল্পের জন্য খুঁজে পায়নি জাল। ৭৩ মিনিটে সতীর্থের বাড়ানো বলে মাথা ছোঁয়াতে পারেননি কৃষ্ণা। ৭৫ মিনিটে আঁখি খাতুনের দূরপাল্লার শটেও বল খুঁজে পায়নি জাল।

১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।