ভারতকে হারিয়ে ফাইনালে খেলতে চায় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ফাইনালের টিকিট পেতে পল স্মলির দলের সামনে বাধা শক্তিশালী ভারত। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, তাদের হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে দৃঢ় প্রতিজ্ঞ ইমরান-মিরাজুলরা। কাল সোমবার বিকাল ৪ টায় কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক মাঠে হবে দুই দলের ম্যাচ।

কলম্বোতে এই টুর্নামেন্টে বাংলাদেশ রীতিমতো উড়ছে। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারানোর পর মালদ্বীপকেও বড় ব্যবধানে হারিয়েছে। মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে লাল সবুজ দল ৫-০ গোলের অনায়াস জয় পেয়েছে।

বাংলাদেশ দল এখন সেমিফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে। অধিনায়ক ইমরান খানের কথাতেই তা পরিষ্কার, ‘আমরা ভারতকে ফাইনালে চেয়েছিলাম। এখন সেমিফাইনালে পেয়েছি। তাদের হারিয়েই ফাইনালে খেলতে চাই। সবাই খেলার জন্য তৈরি।’

প্রতিপক্ষ ভারত বিধায় বাংলাদেশ কোনও চাপ নিচ্ছে না। অধিনায়ক নিজেই বললেন, ‘এখানে চাপ নেওয়ার কিছু নেই। আমরা ম্যাচ জিতেই এগিয়ে যেতে চাই।’

বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলছে। অন্যদিকে ভারত ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে খেলছে শেষ চারে। দিনের অন্য সেমিফাইনালে নেপাল মুখোমুখি হবে শ্রীলঙ্কার।