‘পদ্মা সেতু করতে পারলে কাতারকে কেন হারাতে পারবো না’

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কাল শুক্রবার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী কাতার। তবে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, উজ্জীবিত হয়ে লড়াই করতে চাইছেন তানভীর-রফিকুলরা।

বাহরাইনের শেখ আলী বিন মোহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে রাত ৯টার এই ম্যাচের আগে দারুণ  আত্মবিশ্বাসী দেখা গেলো বাংলাদেশকে। হবে না কেন? প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনকে রুখে দেওয়ার পর ভুটানকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতিও আছে।

এখন আরও একটি সাফল্যের খোঁজে লাল সবুজ দলের সেনানীরা। দলটির ম্যানেজার বিজন বড়ুয়া খেলোয়াড়দের উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি, দল যেকোনও অঘটন ঘটাবে। আমরা বাহরাইনকে রুখে দিয়েছি। আগামী ম্যাচে আমাদের কঠিন প্রতিপক্ষ কাতার। এই ম্যাচেও আমরা ভালো কিছু করতে চাই।’

এরপরই এই কর্মকর্তা যোগ করে বলেছেন, ‘আমাদের ছেলেদের কাতারকে হারানোর সক্ষমতা আছে। ছেলেদের আগেও বলেছি, আমরা যদি পদ্মা সেতু করতে পারি, তাহলে বাহরাইন-কাতারকে কেন হারাতে পারবো না?’

অধিনায়ক তানভীর হোসেনের কণ্ঠেও শোনা গেলো দৃঢ় প্রত্যয়ের সুর, ‘এখন পর্যন্ত আমরা নিজেদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পেরেছি। বাহরাইনের বিপক্ষে ড্র করেছি। ভুটানের বিপক্ষে জয় নিয়ে তিন পয়েন্ট পেয়েছি। আগামী ম্যাচেও আমরা ভালো কিছুই চাই। আমরা আত্মবিশ্বাসী।’

তবে ম্যাচটি যে সহজ হবে না তা বুঝতে পারছেন এই ডিফেন্ডার, ‘কাতারের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য এই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে। তবে আমরা প্রস্তুত।’