দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে নতুন ইতিহাস লেখায় আনন্দ-উৎসবে ভাসছে গোটা দেশ। আগামীতেও দেশের মানুষকে এমনভাবে হাসিখুশি রাখতে চান তারা।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নারীদের সাফজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন।
তিনি বলেন, আপনারা সবাই দেখেছেন, আমরা গত চার-পাঁচ বছর ধরে একটা জায়গাতেই ছিলাম। দিনশেষে আমরা সফলতা আমরা পেয়েছি—এটাই আমাদের বড় প্রাপ্তি। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে এমনভাবে হাসিখুশি রাখার। কারণ, এরপর আর বলার অবকাশ থাকে না যে দেশের মানুষ ফুটবলের প্রতি কতটা আসক্ত এবং তারা কতটা ভালোবাসেন। আপনারা সবসময়ই পাশে ছিলেন। আশা করি আমরা দেশের জন্য এরকম আরও শিরোপা নিয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় সাপোর্ট দেবেন।
নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, জুনিয়র পর্যায়ে আমরা সফলতা পাচ্ছিলাম, কিন্তু সিনিয়র পর্যায়ে পাচ্ছিলাম না। আমাদের প্রেসিডেন্ট, চেয়ারম্যান সবার বিশ্বাস ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মেয়েরা সফলতা এনে দেবে। আমাদের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ডিরেক্টর সবাই আমাদের পুশ করেছেন হার্ড ওয়ার্ক করার জন্য। মেয়েরা হার্ড ওয়ার্ক করেছে বলেই আমরা এখন চ্যাম্পিয়ন।