তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের পরামর্শক স্টুয়ার্ট ল। জুনিয়র টাইগারদের এমন পারফরম্যান্সে গর্ববোধ করেন বলে জানান তিনি। মঙ্গলবার সকালে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এই অস্ট্রেলিয়ান।
স্টুয়ার্ট ল বলেন, ‘আমরা জানি, তাদের (ওয়েস্ট ইন্ডিজ) দলে বেশ কয়েকজন ভালো পেসার এবং হার্ড হিটার আছে। তাদের কিভাবে খেলবে, ছেলেরা এ নিয়ে চিন্তিত নয়। বরং আমরা চিন্তিত নিজেদের খেলা নিয়ে। আমরা জানি, তারা মাঠে সব শক্তি নিয়ে আক্রমণ করবে। তাদেরকে হারানোর জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ক্রিকেট এমন একটা খেলা, এখানে অন্যের খেলা নিয়ে চিন্তা করলে আপনি হেরে যাবেন। সুতরাং আমাদের অন্য সবার কথা ভুলে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।’
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের খেলা নিয়ে সন্তুষ্টি ঝড়ছে তার কণ্ঠে। সঙ্গে এও জানিয়ে রাখলেন, সব দিন সবাই সেরাটা দিতে পারবে না। স্টুয়ার্ট ল বলেন, ‘ছেলেরা যেভাবে খেলছে, তা নিয়ে আমি খুবই গর্বিত। ছেলেদের প্রস্তুত করার জন্য কোচিং স্টাফরা দীর্ঘ দুই বছর খুব পরিশ্রম করছে। ট্রফি জেতাই শেষ কথা নয়। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সব কিছু ঠিকঠাক রাখা। প্রতিদিন এটা নিশ্চিত করতে হবে যে, আমরাই ম্যাচ জেতার জন্য সুবিধাজনক অবস্থায় আছি। ফাইনাল নিয়ে আমাদের কোনও ভাবনা নেই। আমরা সব মনোযোগ কেবল বৃহস্পতিবারের ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্যই প্রস্তুত হচ্ছি আমরা।’
টুর্নামেন্টে এখনো কঠিন সময়ে পড়েনি বাংলাদেশ; এই বিষয়টি যুবাদের পিছিয়ে রাখতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয়, আমাদের কঠিন দিন চলে গেছে। আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেছি, যারা বর্তমান চ্যাম্পিয়ন। এরপর কোয়ার্টার ফাইনালে নেপালের সঙ্গে খেলেছি। তারা অনেক দিন ধরে একসঙ্গে খেলে বেশি গোছালো হয়ে উঠেছিলো। ওই দুটি ম্যাচ খেলেই আমরা এখানে এসেছি। বিষয় হলো, নির্দিষ্ট দিনে কারা কতো বেশি চাপ সহ্য করে খেলতে পারে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে, সেটা গুরুত্বপূর্ণ। নেপালের সঙ্গে শেষ ম্যাচে আমরা এভাবেই খেলেছি। কাদের সঙ্গে খেলছি, সেটা বড় কথা নয়; বড় ব্যাপার হলো আমরা কতোটা ভালো খেলছি, সেটা।’
/আরআই/এমআর/