প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনাটা জোরালো হয়েছে পল স্মলির দলটির। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার ভুটান পরীক্ষা। শুক্রবার (৭ অক্টোবর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টার ম্যাচটিতে বড় ব্যবধানে জিততে চায় স্বাগতিকরা।
প্রথম ম্যাচে ইয়েমেনের কাছে দুই হালি গোল হজম করেছে ভুটান। বাংলাদেশের পরিকল্পনা ইয়েমেনের মতো দাপুটে জয়।
ভুটানের বিপক্ষে বড় জয় পেলে গ্রুপ সেরা হতে না পারলেও সেরা পাঁচ রানার্সআপের দৌড়ে অনেকখানি এগিয়ে থাকবেন ইমরান-মিরাজুলরা। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই লক্ষ্যের কথাই জানালেন বাংলাদেশ ডিফেন্ডার আশিকুর রহমান, ‘ভুটানের বিপক্ষে আমাদের লক্ষ্য জয়। আমরা বড় ব্যবধানে জিততে চাই।’
নিজেদের প্রথম ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছে বাংলাদেশ ও ইয়েমেন। তবে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে ইয়েমেন। সিঙ্গাপুরের দুই আত্মঘাতী গোলে বাংলাদেশের জয়টা ছিল ২-১ গোলে। তবে প্রথম ম্যাচে গোল মিসের মহড়া ছিল। কাল তা হতে দিতে চাইছে না কেউই। কোচ স্মলি তো আগেই পরিস্কার বলে দিয়েছে, 'আমাদের আরও ক্লিনিক্যাল হতে হবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে হবে।'
একদিনের ব্যবধানে ম্যাচ হওয়ায় ভারি কোনও অনুশীলন করেনি বাংলাদেশ। মাঠে রিকভারি সেশনের দিকে মনোযোগ ছিল। সিঙ্গাপুর ম্যাচে চোট পাওয়া অধিনায়ক ইমরানও ছিলেন মাঠে। টিম হোটেলে সিঙ্গাপুর ম্যাচের ভুল নিয়ে হয়েছে ভিডিও বিশ্লেষণও ।
এখন মাঠের লড়াইয়ে ভুটান বাধা পেরোতে পারলেই হয়।