টানা চার বছর বসুন্ধরা কিংসে খেলেছেন তরুণ উইঙ্গার মাহবুবুর রহমান সুফিল। কিন্তু একই পজিশনে কয়েকজন সমমানের খেলোয়াড় থাকায় একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল তার। এবার তাই দলবদল করে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং লিমিটেডে চুক্তিবদ্ধ হয়েছেন। সাদা-কালো দলের হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় ২৩ বছর বয়সী ফুটবলার।
বসুন্ধরায় কঠিন চ্যালেঞ্জের মুখে সবসময় একাদশে সুযোগ হতো না। বদলি হয়ে খেলতে হতো। যে কারণে জাতীয় দলে খেলাটাও কঠিন হয়ে পড়ে। সবশেষ হাভিয়ের কাবরেরার অধীনে এশিয়ান কাপ বাছাই পর্বের দলে থাকলেও সেভাবে খেলার সুযোগ হয়নি। অথচ সুফিলের লাল-সবুজ জার্সি গায়ে ৫টি গোল আছে।
তাই নতুন মৌসুমে নতুন রূপে ফেরার অপেক্ষায় সুফিল, 'আসলে সবাই চায় নিয়মিত খেলতে। কেউ বসে থাকতে চায় না। মোহামেডানে চুক্তিবদ্ধ হয়েছি। এখন এখানেও পরীক্ষা দিতে হবে। আশা করছি, কঠোর পরিশ্রম করে একাদশে খেলতে পারবো।'