অভিষেকেই গোল পেলেন আবাহনীর ব্রাজিলিয়ান স্ট্রাইকার

ব্রাজিলিয়ান দোরিয়েল্তন গোমেজ নেই, তার জায়গায় স্বদেশি গেটারসন আলভেজ এসেছেন। বাংলাদেশে প্রথম খেলতে এসে আবাহনী লিমিটেডের হয়ে একটি গোলও পেয়েছেন এই স্ট্রাইকার। স্বাধীনতা কাপ ফুটবলে প্রথমার্ধের দুই গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়েছে ২-০ গোলে।

মুন্সীগঞ্জে মঙ্গলবার (১৫ নভেম্বর) আবাহনীকে প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। ৩৪ মিনিটে প্রথম লক্ষ্যভেদ হয়। কলিনদ্রেস-মেরাজদের সমন্বয়ে গোল এসেছে। মেরাজের পাসে ব্রাজিলিয়ান গেটারসন প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ব্যবধান বাড়ানোর জন্য আবাহনী চেষ্টা করতে থাকে।

৪২ মিনিটে সফলও হয়। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে মোহাম্মদ রাকিব নিজেদের জালে জড়িয়ে দেন। বিরতির পর আবাহনী চেষ্টা করেও স্কোরলাইনে কোনও বদল আনতে পারেনি।

দুই গোলে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। প্রথম দিনের ম্যাচ নিয়ে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস খুশি। বিশেষ করে ব্রাজিলিয়ান গেটারসনের পারফরম্যান্স নিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম ম্যাচ হিসেবে গেটারসন খারাপ খেলেনি। গোলটা মুখ্য ছিল। আমরা আশা করছি, সামনের দিকে ও আরও ভালো করবে। গোল পাবে। দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৫-১ গোলে হারিয়েছে বিমান বাহিনীকে। বিজয়ী দলের হয়ে ফয়সাল জোড়া গোল করেন। এছাড়া রাব্বি, সজিব ও তাজ উদ্দিন একটি করে গোল করেন।