এবার প্রিমিয়ার ফুটবল লিগের মাঝেই ফেডারেশন কাপ হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো খেলা মাঠে গড়িয়েছে। ‘এ’ গ্রুপের খেলায় বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে নবাগত ফর্টিস এফসিকে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দুটি গোলই হয়েছে বিরতির পর। আশরোভ গফুরভ একাই জোড়া গোল করে দলকে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন।
ম্যাচের ৫৭ মিনিটে রাকিব হেসেনের ডান প্রান্তের ক্রসে হেড করে প্রথম গোলটি করেছেন গফুরভ। ম্যাচের শেষ মিনিটেও ব্রাজিলিয়ান মিগেইলের অ্যাসিস্টে দলের জয় সুনিশ্চিত করেন এই গফুরভ।
দিনের অন্য ম্যাচে একই গ্রুপে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। ডেভিড ৯০ মিনিটে জয়সূচক গোলটি করেছেন।