আগের ম্যাচে হেরে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। যা আবার এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে বার্সেলোনাকেই। কাতালান জায়ান্টরা অবশ্য অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় এককভাবে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। তাও আবার প্রাণভোমরা রবের্ত লেভানদোভস্কিকে ছাড়া।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় শুরুতেই অ্যাতলেতিকোর অর্ধে চাপ সৃষ্টি করে খেলেছে বার্সা। যার লক্ষ্য ছিল স্বাগতিকদের ভুলের মাত্রা বাড়ানো। ২০ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত সুযোগটি পেয়ে কোনও ভুল করেননি বার্সা তারকা দেম্বেলে। বক্সের মধ্যে গাভির অ্যাসিস্ট থেকে কোনাকুনি শটে দূরের জালে বল পাঠিয়েছেন তিনি।
গোল হজমের পর মাথা চাড়া দিয়ে ওঠে অ্যাতলেতিকোও। বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ পায় তারা। কিন্তু হোসে মারিয়া জিমিনেজের শক্তিশালী হেড শেষ পর্যন্ত লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধে দেম্বেলের দুটি সুযোগ হাতছাড়ায় ম্যাচে ফেরার সুযোগ ছিল অ্যাতলেতিকোর। কিন্তু স্বাগতিক দল গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেসের দল। অবশ্য তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে অবদান ছিল বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দারুণ একটি সেভ করেন তিনি।
ইনজুরি সময়ে ম্যাচটা কিছুটা উত্তাপও ছড়িয়েছে। হিংসাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেরান বার্সার তোরেস ও অ্যাতলেতিকোর স্টেফান সাভিচ।
এই জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। অ্যাতলেতিকো সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে।