টের স্টেগেন বীরত্বে স্বপ্নের ফাইনালে বার্সা

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহারণ মানেই মহামূল্যবান কিছু। সুপার কাপে রিয়াল মাদ্রিদ ফাইনাল নিশ্চিত করায় অপেক্ষা ছিল শুধু বার্সেলোনার। স্বপ্নের মহারণে নাম লেখাতে কাতালান জায়ান্টদের পার হতে হলো টাইব্রেকার নামক স্নায়ু পরীক্ষা। সেমিফাইনালে রিয়াল বেতিসকে ৪-২ গোলে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল। অতিরিক্ত সময়েও কেউ কাউকে ছাড় দেয়নি। বার্সা একটি গোল দিলে তা শোধ দিয়েছে বেতিস। পরে ম্যাচটা শুটআউটে গড়ালে সেখানে গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের বীরত্বেই বার্সা শেষ হাসি হেসেছে। জুয়ানমি ও উইলিয়ামস কারভালহোর দুর্বল শট ঠেকিয়ে দিয়ে ম্যাচ জয়ের নায়ক আসলে তিনি-ই।

পুরো ম্যাচ জুড়েই স্টেগেন আলো ছড়িয়েছেন। ম্যাচের পর গর্ব করেই বলেছেন, ‘সুন্দর একটা ম্যাচ ছিল। যেমনটা দর্শকরা দেখতে মুখিয়ে থাকে। নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। আমার মনে হয় গত বছরের পর থেকে নিজের ক্যারিয়ার ও জীবনে দুর্দান্ত মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি।’

বার্সার শুরুটা খারাপ ছিল না। ২৩ মিনিটে পেদ্রির গোল ভার রিভিউতে অফসাইডে বাতিল হলে নিয়ন্ত্রণ হারাতে থাকে তারা। তার পর দুটি অসাধারণ সেভ করে দলকে ম্যাচে রাখেন বার্সার গোলকিপার। ৪০ মিনিটে অবশেষে আসে প্রথম গোল। ওসমান দেম্বেলের একক প্রচেষ্টায় বানিয়ে দেওয়া বলে জাল কাঁপান রবের্ত লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে বেতিসকে সমতায় ফেরান নেবিল ফেকির।

তার পর অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে আনসু ফাতির দর্শনীয় গোলে বার্সা অগ্রগামিত নিলেও ১১৮ মিনিটে বেতিসকে সমতায় ফেরান গুয়ার্দাদো। তার পর স্নায়ু পরীক্ষায় আর ভুল হয়নি কাতালান জায়ান্টদের।