সরকারী হস্তক্ষেপে এক মাস আগেই শ্রীলঙ্কাকে হলুদ কার্ড দেখিয়েছিল ফিফা। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আদেশ ঠিকমতো পালন না করায় তাদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনকে এক চিঠিতে ফিফা লিখেছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।’
মূলত হস্তক্ষেপ করেছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। বেশ কিছু নিয়ম নীতির পরির্তন আনা হয়েছিল। তাতে ক্রীড়া সংস্থাগুলোর স্বায়ত্তশাসন ও স্বাধীনতা খর্ব করা হয়েছিল। একই অবস্থা হয়েছিল শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনেরও।
এই মাসে শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন নির্বাচনের ব্যবস্থা করা হলেও সেটিতে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের বেঁধে দেওয়া শর্ত পালন করা হয়নি। বরং ক্রীড়ামন্ত্রীর এক ঘনিষ্ঠকেই প্রধানের পদে বসানো হয়েছে। এখন নিষেধাজ্ঞার ফলে তুমুল অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।