বাংলাদেশের গোলকিপারের প্রশংসা করলেন ভারতের কোচ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচে কেউ জিতেনি। গোলশূন্য ড্র দিয়ে ম্যাচ শেষ হয়েছে। আক্রমণ-প্রতি আক্রমণনির্ভর ম্যাচে উভয় দলই গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ভারতের কয়েকটি গোলের ‍সুযোগ নস্যাৎ করার পেছনে স্বাগতিকদের গোলকিপার রুপনা চাকমার অবদান কম নয়। তাই তো ম্যাচ শেষে রুপনার প্রশংসাই ঝরলো ভারতীয় কোচের কণ্ঠে।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন রুপনা চাকমা। নেহা-সুনিতাদের গোল দিতে দেননি। ভারতের গোয়া থেকে উঠে আসা কোচ ময়মল রকি তাই বলেছেন, ‘রুপনা চাকমা ভালো খেলেছে। সে সত্যিকার অর্থে বেশ কয়েকটি সেভ করেছে। তা না হলে আমরা গোল পেতাম।’

ডান দিকে ২০ নম্বর জার্সির পেছনে রুপনা চাকমা (এক নম্বর জার্সি)বাংলাদেশ যে কঠিন প্রতিপক্ষ ছিল তাও বলতে দ্বিধা করেননি রকি, ‘দুই দলই ভালো খেলেছে। তবে আমার দল মনে হয় সুযোগ একটু বেশি পেয়েছিল, কিন্তু গোল পায়নি। আসলে বাংলাদেশ তো ভুটান নয়, তাই গোল হয়নি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়। আমরাও এগিয়ে যাচ্ছি। আমি অবশ্যই প্রত্যাশা করছি—বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলবে। তবে  নেপাল ভালো দল। তাদের ছোট করে দেখা যাবে না। তারাও লড়াই করবে।’

ড্র করে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন খুশি, ‘আমার দল ভালো খেলার চেষ্টা করেছে, কিন্তু গোল পায়নি। সুযোগগুলো হাতছাড়া হয়েছে। তবে আমি দলের পারফরম্যান্সে খুশি। এতে ফাইনালে উঠার সম্ভাবনা প্রবল হয়েছে।’

আগামী মঙ্গলবার বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই স্বাগতিকদের ফাইনাল নিশ্চিত হবে। আর ভারত মুখোমুখি হবে নেপালের।