বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন তো মেসি?

ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নেওয়ার পর আরও দুঃসংবাদ সঙ্গী হয়েছে পিএসজির। ইনজুরিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মেসি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। 

অবশ্য ফ্রেঞ্চ কাপে মার্শেইর বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচটায় পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। তখন কোনও ধরনের সমস্যা না হলেও পরে হ্যামস্ট্রিংয়ে ভীষণ ব্যথা বোধ করেছেন। স্ক্যানের পর সমস্যা ধরা পড়ে তাতে।

অবশ্য ইনজুরি অত গুরুতর না হলেও পিএসজি আশা প্রকাশ করছে, জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন। তবে ওই সময়ে তার শতভাগ ফিট থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। শনিবারও লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই।

টপ স্কোরার কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে চোট পেয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ থেকে ছিটকে গেছেন। ফলে মেসির চোট ফরাসি জায়ান্টদের মাঝে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। গত সপ্তাহে হাঁটু ও ঊরুতে চোট পেয়েছেন এমবাপ্পে। তার পর ক্লাব জানিয়েছে অন্তত ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ফরাসি তারকা।