ব্রুনাই-সেশেলসকে নিয়ে বাংলাদেশে তিনজাতি ফুটবল

আগেই আলোচনায় ছিল তিনজাতির ফুটবল। সম্ভ্যাব্য তারিখও নির্ধারণ করা ছিল ২০ থেকে ২৮ মার্চ! শেষ পর্যন্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্রুনাই ও সেশেলসকে নিয়ে তিনজাতি টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিচ্ছে।

প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন হবে শীর্ষ পয়েন্টধারী দল। সিলেট জেলা স্টেডিয়ামে হবে ফুটবলের এই আন্তর্জাতিক আসর। সোমবার জাতীয় টিমস কমিটির ভার্চুয়াল সভা শেষে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা।

তিন জাতি টুর্নামেন্টে একমাত্র ব্রুনাই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে। তাদের অবস্থান ১৯০। এরপরই রয়েছে বাংলাদেশ- ১৯২। সবার শেষে রয়েছে সেশেলস। তাদের অবস্থান  ১৯৯।

তিনজাতি টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ৩ মার্চ থেকে শুরু হবে। সভা শেষে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘মার্চে ফিফা উইন্ডোতে আমরা তিন জাতি টুর্নামেন্ট আয়োজন করছি। ব্রুনাই ও সেশেলস এসে খেলবে। খেলা হবে সিলেটে। এরই মধ্যে ফিফার কাছে অনুমোদনের জন্য চিঠি দেওয়া হয়েছে। ঢাকা ও সিলেটে জাতীয় দলের ক্যাম্পও শুরু হয়ে যাবে।’