চেলসির ভরসা অ্যাওয়ে গোল

বদলি হিসেবে মাঠে নামা এডিনসন কাভানির শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে চেলসির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে ২-১ গোলে পরাজিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।পিএস
প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে গেলেও অ্যাওয়ে গোলের সুবাদে কিছুটা স্বস্তি পেতেই পারে চেলসি। কেননা, ফিরতি লেগে নিজেদের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে ইংলিশ চ্যাম্পিয়নরা। আগামী ৯ মার্চ ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজিকে আতিথ্য দেবে চেলসি। 

এদিন খেলার ৩৮ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের নিচু ফ্রি-কিক জন ওবি মিকেলের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ডান দিকে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক থিবো করতোয়ার কিছুই করার ছিল না। এই নিয়ে ইউরোপ সেরার মঞ্চে টানা তিন ম্যাচে গোল করলেন ইব্রাহিমোভিচ। প্রতিযোগিতায় তার মোট গোল হলো ৪৬টি। 

বিরতির খানিক আগে ওবি মিকেলই চেলসিকে সমতায় ফেরান। কর্নার থেকে পাওয়া বল ফ্লিক করে বাড়ান কস্তা আর তা ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন এই নাইজেরিয়ার মিডফিল্ডার। 

আর ৭৯তম মিনিটে পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন কাভানি। ডি মারিয়ার চিপ করে বাড়ানো বল পেয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যেভেদ করেন বদলি হিসেবে নামা উরুগুয়ের ফরোয়ার্ড এডিনসন কাভানি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে পিএসজি।

দিনের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে যোগ করা সময়ে করা একমাত্র গোলে রাশিয়ার ক্লাব জেনিতকে হারিয়েছে।

/এমআর/