পাঁচ দিনের সন্তান হারিয়ে শোকাতুর জাতীয় দলের মিডফিল্ডার

সোহেল রানা ও আকলিমা আক্তার লিপি দম্পতির প্রথম সন্তান পৃথিবীর আলো দেখেছে মাত্র ৫ দিন হলো।  নিয়তির কী নির্মম পরিহাস! আলো- ছায়ায় আর বেড়ে হয়ে ওঠা হয়নি সদ্যোজাত শিশুটির।

শ্বাস-প্রশ্বাসের জটিলতা নিয়ে জাতীয় দলের ফুটবলারের সদ্যভূমিষ্ঠ ছেলে সন্তান পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য লোকে!

সন্তান ভূমিষ্ঠের পর থেকেই কুমিল্লা শহরের ক্লিনিকে ভর্তি ছিলো। সোহেল-লিপি দম্পতি শখ করে ওর নামও রেখেছিলেন- মোহাম্মদ  সাঈদ আহমেদ। কিন্তু তখনও কী জানতেন  শারীরিক জটিলতার কারণে ছেলেকে বেশি দিন বাঁচানো যাবে না!

একটু সুস্থ হতেই ছেলেকে হাসপাতালে রেখে আজ সকালে আবাহনী লিমিটেডের ডেরায় ফিরছিলেন সোহেল রানা। ফিরেই অনুশীলনে যোগ দেওয়ার কথা। কিন্তু বাস গৌরীপুর আসতে না আসতেই শুনতে হলো ছেলের আবারও অসুস্থতার খবর।

হাসপাতালে পৌঁছেই জীবনের চরম দুঃসংবাদটি শুনলেন।

তার হাসপাতালে আসার ৫ মিনিট আগে সদ্যোজাত সন্তানের প্রাণবায়ু বেরিয়ে যায়! এমন সংবাদ শোনার পর সোহেল রানা বাকরুদ্ধ।  কুমিল্লা থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন,' আমার সন্তান জন্মের পর থেকে কিছু জটিলতা ছিল। সেভাবে  সাড়া-শব্দ করছিল না। আমি ক্লাবে ফেরার আগে একটু সুস্থ দেখেছি। নাড়াচড়ার পাশাপাশি হামিও দিচ্ছিল।

তাই ঢাকায় রওনা দেই। কিন্তু পথিমধ্য থেকে ফিরে আসতে হয়। আসলে হাসপাতালে গিয়ে এমন দুঃসংবাদ শুনতে হবে কল্পনাও করিনি। মনে করেছিলাম আস্ত আস্তে সুস্থ হয়ে যাবে।  আসলে এই শোক ভাষায় প্রকাশ করতে পারবো না।'

জাতীয় দলে গত বছর অভিষেক হয়েছে ২৬ বছর বয়সী সোহেল রানার। এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন। সদ্যোজাত সন্তান হারিয়ে বাকরুদ্ধ অবস্থা।  আজই কুমিল্লার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।  পুরো পরিবারে যে এখন শোকের ছায়া!