আর্জেন্টিনার ক্লাবে কি খেলছেন জামাল ভূঁইয়া?

আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল দা মায়ায় খেলবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া—এমন খবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বর্তমানে শেখ রাসেলে খেলা ডেনমার্ক প্রবাসী ফুটবলার।

আজই ঢাকায় আর্জেন্টিনার ক্লাবটির কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন জামাল। জার্সি বিনিময় হয়েছে। এরপর থেকে রটে যায়—জামাল আগামী মার্চ থেকে সেই ক্লাবে খেলছেন! আর্জেন্টিনার সেই সংবাদ মাধ্যমও বিষয়টি নিশ্চিত করে।

তবে জামাল বিষয়টি উড়িয়ে দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। অন্য কিছু নয়। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সঙ্গে ক্লাব কর্মকর্তা এসেছেন। আমি শুধু দেখা করেছি। আর কিছুই নয়। আমি তো এখনও শেখ রাসেলের খেলোয়াড়। কাল আমাদের ম্যাচও রয়েছে। আর আমি তো আমার ফেসবুক পেজে কিছু লিখিনি। আরও একটা বিষয় ওরা ইংরেজি কিছুটা কম বুঝে। হয়তো কোনও মিসআন্ডারস্টান্ডিং হয়েছে।'

তবে জামাল স্বীকার না করলেও অন্য সূত্র বলছে—বাংলাদেশ অধিনায়ক আর্জেন্টিনার ক্লাবটিতে খেলতেই চাইছে। তবে শেখ রাসেল ক্লাব থেকে অনুমতি পাচ্ছে না। যে কারণে তার আর্জেন্টিনা যাওয়া আপাতত হচ্ছে না বলা যায়।