মার্চে সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সৌদি আরবের মদিনা শহরে হবে বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প। আগামী ৫ ও ৬ মার্চ ধাপে ধাপে দেশ ছাড়ার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের। ঘরের মাঠে খেলা হলেও দেশের বাইরে কেন এই প্রস্তুতি তার ব্যাখ্যা দিয়েছেন লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
বৃহস্পতিবার ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষিত হয়েছে। প্রিমিয়ার লিগের খেলা দেখেই কাবরেরা তার দল গড়েছেন। সৌদি আরবের ক্যাম্প নিয়ে ব্যাখ্যায় কোচ বলেছেন, ‘আমরা চাইছি প্রস্তুতিটা যেন ভালো হয়, নিরবচ্ছিন্ন হয়। এছাড়া উন্নত সুবিধারও প্রয়োজন রয়েছে। সব মিলিয়েই আমরা দেশের বাইরে অনুশীলন করতে যাচ্ছি।’
এই দলে তিনজন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছেন- ডিফেন্ডার আলমগীর মোল্লা, গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি। তাদের নিয়ে আশাবাদী ৩৭ বছর বয়সী কোচ, ‘গোলরক্ষক হিসেবে শারীরিকভাবে শ্রাবণ পারফেক্ট। যদিও এখনও পরিপক্কতা আসতে তার সময় লাগবে। জিকো এবং সোহেল তার চেয়ে বেশ সিনিয়র। কিন্তু সে লিগে ভালো করেছে, জাতীয় দলের প্রজেক্টের জন্য সে সম্ভাবনাময়। জনিও চমৎকার, বয়সভিত্তিক সাফে সে ভালো করেছে, বাফুফের এলিট একাডেমিতে ছিল। ফর্টিসের হয়ে সবকিছু করেছে। সুশান্ত ত্রিপুরার চোটের কারণে আবাহনীর শুরুর একাদশে সুযোগ পেয়েছিল আলমগীর এবং সে সুযোগটা নষ্ট করেনি। আমরাও দেখতে চাই সে জাতীয় দলকে কি দিতে পারে।’
আগামী জুনে ভারতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে। সিলেটের টুর্নামেন্টটি তারই প্রস্তুতি হিসেবে দেখছেন কাবরেরা, ‘সাফের জন্য সঠিক প্রস্তুতি হবে এই টুর্নামেন্ট। শারীরিকভাবে শক্তিশালী দল সেশেলস, ব্রুনাই। ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে তারা এগিয়ে, গোছানো দল। তাদের বিপক্ষে ম্যাচটিও আমাদের জন্য সহজ হবে না। আমি মনে করি, এই টুর্নামেন্ট দিয়ে আমাদের জন্য সাফের ভালো প্রস্তুতি হবে।’