নিউক্যাসেলকে হারিয়ে ফের আর্সেনালের কাছে ম্যানসিটি

আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির লিগ শিরোপার লড়াই জমে উঠেছে। ফের গানারদের সঙ্গে ব্যবধান কমিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার তারা ২-০ গোলে হারিয়েছে নিউক্যাসেল ইউনাইটেডকে।

প্রথম মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রস, বক্সের সেন্টার থেকে ইকে গুন্ডোগানের হেড একটুর জন্য জালে জড়ায়নি। ক্রসবারের উপর দিয়ে চলে যায় বল।

গুন্ডোগান ১১ মিনিটে ফ্রি কিক আদায় করেন। বক্সের বাইরে থেকে শট নেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান তারকা অনেক উঁচু দিয়ে বল মারেন।

চার মিনিট পর ফিল ফডেনের চোখ ধাঁধানো প্রচেষ্টায় ম্যানসিটি এগিয়ে যায়। রদ্রির ক্রসে বল পেয়ে ডানপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়েন। প্রতিপক্ষ খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখেও বল নিয়ন্ত্রণে রেখে ডান পায়ের শটে জাল কাঁপান তিনি। তিন ম্যাচে চতুর্থ গোল করে উড়ছেন ইংল্যান্ডের এই খেলোয়াড়।

১৭ মিনিটে শন লংস্টাফের ডান পায়ের শট নাথান আকে ব্লক না করলে ম্যানসিটির বিপদ বাড়তো। ম্যাচ ঘড়ি আধঘণ্টায়ে পৌঁছানোর আগে ডি ব্রুইনা ও ফডেনের দুটি শট ব্লক করেন নিউ ক্যাসেলের খেলোয়াড়রা।  

আর্লিং হাল্যান্ড ২৮তম লিগ গোলের সুযোগ নষ্ট করেন ৩৪ মিনিটে। ডি ব্রুইনার ক্রস থেকে তার হেড গোলপোস্টের ডানপাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর নিউক্যাসেলের ক্যালাম উইলসন বক্সের সেন্টার থেকে ঠিকঠাক শট নিতে পারেননি বলে সমতা ফেরানোর সুযোগ হারান।

প্রথমার্ধে তিন মিনিট যোগ করা হলেও আর কেউ গোলের দেখা পায়নি। ম্যানসিটি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে হাল্যান্ড আবার সুযোগ নষ্ট করেন। পেপ গার্দিওলা তার প্রথম পরিবর্তন আনার সুফল পান সঙ্গে সঙ্গে। ৬৫ মিনিটে ডি ব্রুইনার বদলে নামা বার্নার্ডো সিলভা দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন। হাল্যান্ডের চতুর ফ্লিক থেকে সিলভা ঘরের মাঠে ম্যানসিটির হাজারতম লিগ গোল করেন। ইতিহাদ স্টেডিয়ামে সিটিজেনদের গোল ৮৪০টি এবং মেইন রোডে ছিল ১৬০টি।

এই জয়ে শীর্ষ দল আর্সেনালের সঙ্গে ম্যানসিটি পয়েন্টের ব্যবধান ফের দুইয়ে নামালো। ২৬ ম্যাচে তারা পেয়েছে ৫৮ পয়েন্ট। ৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা আর্সেনাল ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে পরের ম্যাচে বোর্নমাউথকে স্বাগত জানাবে।