পেনাল্টি মিসের পর দুঃসংবাদ শুনলেন সালাহ

বোর্নমাউথের বিপক্ষে লিভারপুল পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু পেনাল্টি মিস করেন অলরেড তারকা মোহাম্মদ সালাহ। ১-০ গোলের হারে তাদের জন্য প্রিমিয়ার লিগের সেরা চারে ওঠা বেশ কঠিন হয়ে গেছে। দলকে পয়েন্ট এনে দিতে না পারার হতাশার পর নতুন করে দুঃসংবাদ পেলেন মিশরের ফরোয়ার্ড।

তার দেশের বাড়িতে চুরি হয়েছে। কায়রোতে অবস্থিত তার ভিলায় চোর ঢুকেছিল। বাড়িতে যখন কেউ ছিল না, তখন এই ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভিলা থেকে টিভি রিসিভার্স নিয়ে গেছে চোর। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। একজন নিরাপত্তা সূত্র মিশরের শোরোক সংবাদপত্রকে জানান, কোনও অলঙ্কার চুরি হয়নি।

আগামী সপ্তাহে দেশে ফেরার কথা সালাহর। আফ্রিকান নেশনস কাপে মালাবির বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মিশর। এই দুটি ম্যাচ খেলার জন্য দলে ডাক পেয়েছেন তিনি।

গত সপ্তাহে ১২৯তম গোল করে প্রিমিয়ার লিগের লিভারপুলের সর্বকালের শীর্ষ গোলদাতা হন সালাহ। কিন্তু সেই আনন্দ মাটিতে মিশে যায় বোর্নমাউথের বিপক্ষে স্পটকিকে গোলবারের পাশ দিয়ে বল মেরে।