সেশেলসের আগে বাংলাদেশের মালাবি পরীক্ষা

আগামী ২৫ ও ২৮ মার্চ সেশেলসের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ দুটিকে সামনে রেখে বর্তমানে জামাল ভূঁইয়ারা সৌদি আরবের মদিনাতে আছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে। উহুদ এফসির পর এবার আফ্রিকার দেশ মালাবি পরীক্ষা বাংলাদেশের সামনে। আগামীকাল বুধবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি হতে যাচ্ছে।

ব্রুনাই দারুস সালাম না আসায় এখন আর তিন জাতি টুর্নামেন্ট হচ্ছে না। সেশেলসই একমাত্র প্রতিপক্ষ। সিলেটে ম্যাচ দুটির আগে নিজেদের শেষ বারের মতো পরখ করে নিতে চাইছে হাভিয়ের কাবরেরার দল। উহুদের বিপক্ষে ম্যাচের ফল জানায়নি বাফুফে। ক্লোজড ডোর ম্যাচ হওয়াতে মালাবির বিপক্ষে ফলও জানানো হবে না। তবে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে চাইছে জামাল-তপুরা।

এবারের প্রতিপক্ষ মালাবি, ফিফা র‌্যাঙ্কিংয়ে যারা আছে ১২৪তম স্থানে। বাংলাদেশের অবস্থান ১৯২তম। আগের প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের অবস্থান কিছুটা পরিষ্কার হয়েছে বলে জানান বাংলাদেশ কোচ কাবরেরা, ‘প্রস্তুতি খুব ইতিবাচকভাবে চলছে। এখানে এরই মধ্যে প্রথম গ্রুপটা ১০ দিন এবং দ্বিতীয় গ্রুপটা ৯দিন প্রস্তুতি নিয়েছে। যেভাবে ছেলেরা কাজ করছে, খুবই প্রতিশ্রুতিপূর্ণ, সম্পৃক্ত… মনে হচ্ছে সিলেটে আমরা ভালো কিছু পাবো। কদিন আগে আমরা উহুদের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলাম। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল এবং আমরা কোথায় আছি, সে বিষয়ে কিছু ধারণা পেয়েছি।’

মালাবির বিপক্ষে বুধবারের ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন কাবরেরা, ‘আগামীকাল আমরা মালাবি জাতীয় দলের বিপক্ষে খেলবো, আফ্রিকান কাপের বাছাইয়ে মিশরের বিপক্ষে ম্যাচের জন্য তারা এখানে প্রস্তুতি নিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৪তম, তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য চমৎকার চ্যালেঞ্জিং হবে।’

ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার কাজী তারিক রায়হানও আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা সিলেটে কাজে লাগাতে চাইছেন এই ডিফেন্ডার, ‘আগামীকাল আমাদের মালাবির বিপক্ষে ম্যাচ। ট্রেনিংয়ে আমরা যেটা শিখেছি, তা প্রয়োগ করে দেখার জন্য এটা দারুণ চ্যালেঞ্জিং ম্যাচ হবে। এ ম্যাচটির দিকে আমরা ইতিবাচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। মালাবির বিপক্ষে আমাদের আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা প্রয়োজন। যেভাবে আমরা অনুশীলন করেছি, সেটাই ম্যাচে টেনে নেওয়া প্রয়োজন। আমি নিশ্চিত, এই বিষয়গুলো আমাদের সিলেটের ম্যাচে কাজে আসবে।’

এই ম্যাচটি খেলে ১৭ মার্চ সিলেটে যাবে বাংলাদেশ দল। ২২ ও ২৫ মার্চ সেশেলসের বিপক্ষে খেলা।