রিয়ালকে বিদায়ের ‘এক শতাংশ’ সুযোগও কাজে লাগাতে চান ক্লপ

গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল লিভারপুলের সামনে। অ্যানফিল্ডে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু মাদ্রিদ ক্লাব দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ শেষ করে ৫-২ গোলে জিতে। বুধবার দ্বিতীয় লেগে তারা রিয়ালের মাঠে নামবে। এই ম্যাচে তাদের পক্ষে বাজি ধরার লোক হাতে গোনা। কিন্তু লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বিশ্বাস হারাননি।

কোয়ার্টার ফাইনালে উঠতে হলে লিভারপুলকে অন্তত চার গোলে জিততে হবে। অবশ্য ব্যবধানটা তিন গোলে থাকলে অতিরিক্ত সময়ে নির্ধারণ হবে বিজয়ী। তবে ক্লপ মনে করেন, রিয়ালকে বিদায় করতে লিভারপুলের সুযোগ মাত্র ‘এক শতাংশ’। তবে অসম্ভব মনে করছেন না জার্মান কোচ।

সেক্ষেত্রে লিভারপুলের অনুপ্রেরণা ২০১৯ সালের সেমিফাইনাল। প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৩-০ গোলে হেরে গিয়ে অ্যানফিল্ডে ৪-০ গোলে জিতে বার্সাকে বিদায় করেছিল তারা। ক্লপ বললেন, এখনও তিনি আশা করেন তার খেলোয়াড়রা আরেকটি স্মরণীয় জয় পাবে।

রিয়ালের কাছে হারের পর চারটি ম্যাচ খেলেছে লিভারপুল। জিতেছে দুটিতে, আর একটি করে ড্র ও হার। সবশেষ বোর্নমাউথের কাছে প্রিমিয়ার লিগে হেরে আত্মবিশ্বাসে বড় ধাক্কা খাওয়ার কথা তাদের। কিন্তু যাদের কিছুই হারানোর নেই, তারা নিজেদের সবটুকু নিংড়ে দিতে প্রস্তুত।

ক্লপ বললেন, ‘তিন সপ্তাহ আগের খেলা শেষে আমি বলেছিলাম মাদ্রিদ পরের রাউন্ডে উঠে গেছে। কিন্তু তিন সপ্তাহ পর আমরা জানি এখনও একটা খেলা বাকি এবং সেখানে যদি এক শতাংশও সুযোগ থাকে, আমি সেটা নিতে চেষ্টা করবো।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এই ঘরে শতভাগ লোকই মনে করে আমাদের কোনও সুযোগ নেই। যদি কেবল আমি মনে করি কিছুটা সুযোগ আছে, তবে তাই ভালো। এটা রিয়াল মাদ্রিদ, তারা তিন গোলে এগিয়ে। আমাদের হারানোর কিছু নেই। ক্ষীণ বিশ্বাস নিয়ে আমরা একলা দলে, কিন্তু করে দেখানোর সুযোগ তো আছে।’