ইউরোপা লিগ থেকে আর্সেনালের বিদায়, শেষ আটে ম্যানইউ

শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোল করে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল বেতিসের মাঠে দ্বিতীয় লেগ শেষে প্রত্যাশিতভাবে শেষ আটে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। বৃহস্পতিবার মার্কাস র‌্যাশফোর্ডের একমাত্র গোলে ১-০ তে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে ইউনাইটেড ৫-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বে।

অন্যদিকে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল বিদায় নিয়েছে শেষ ষোলোতে। বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে তারা। লিসবনে স্পোর্তিং সিপির মাঠে প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল। দুই লেগ মিলিয়ে স্কোর ৩-৩ এ সমান হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও ফল নির্ধারণ না হলে টাইব্রেকারে ৫-৩ গোলে গানারদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পোর্তিং।

এক সপ্তাহ আগে ওল্ড ট্র্যাফোর্ডে তিন গোলে পিছিয়ে থেকে প্রথম লেগ শেষ করা বেতিসকে ঘুরে দাঁড়াতে সর্বোচ্চটা নিংড়ে দিতে হতো। লা লিগার পঞ্চম দল তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও ডেভিড ডি গিয়ার কয়েকটি সেভে গোলমুখ খুলতে পারেনি। তাদের সব আশা শেষ করে দেয় র‌্যাশফোর্ড। ৫৫তম মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করেন ইংল্যান্ড ফরোয়ার্ড। ম্যানইউর হয়ে ইউরোপে এটি ছিল র‌্যাশফোর্ডের ২৫তম গোল। ক্লাবের শীর্ষ গোলদাতার তালিকায় তিনি ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে।

এদিকে আর্সেনাল প্রথমে লিড নিলেও ইউরোপা লিগ শেষ হয়ে গেছে পেদ্রো গনকাফেসের অবিশ্বাস্য এক গোলে। ১৯ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট স্পোর্তিং কিপার অ্যান্তনিও আদানে সেভ করেন। কিন্তু বল ঠিক গ্রানিত জাকার সামনে পড়ে। প্রথম শটেই গানারদের লিড এনে দেন তিনি।

বিরতির পরই ঘুরে দাঁড়ায় পর্তুগিজ ক্লাব। এক ঘণ্টা পার হতেই মাঠের মাঝখান থেকে লম্বা শট নেন গনকাফেস, বল ভেসে অ্যারন রামসডেলের মাথার উপর দিয়ে জালে জড়ায়। ৫০ গজ দূর থেকে হওয়া এই গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে শেষ দুই মিনিট একজন কম নিয়ে খেলেছে স্পোর্তিং।

পেনাল্টি শুটআউটে মার্তিনেল্লি চতুর্থ শট জালে জড়াতে পারেননি। নুনো সান্তোস গোল করে স্পোর্তিংকে জয় এনে দেন।