হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বার্সেলোনার সাত ম্যাচে খেলেননি পেদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারকে নিয়ে ফের দুঃসংবাদ শুনলো কাতালান জায়ান্টরা।
ইনজুরি থেকে সেরে ওঠার সময় বাড়ছে। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, সাইডলাইনে আরও লম্বা সময় থাকতে হবে পেদ্রিকে।
শিগগিরই প্রথম দলে ফেরার কথা ছিল এই মিডফিল্ডারের। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনও করেন। তবে সেশন শেষ করতে পারেননি। চোট আরও গুরুতর। আগামী ৫ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের দ্বিতীয় লেগেও সম্ভবত খেলা হচ্ছে না তার।
গত ফেব্রুয়ারিতে ম্যানইউর বিপক্ষে ইউরোপা লিগে চোট পান ২০ বছর বয়সী পেদ্রি। তার জায়গায় একাদশে ফ্রাঙ্ক কেসি ও সার্জি রবার্তোর ওপর নির্ভর করতে হচ্ছে বার্সাকে।
এদিকে মাদ্রিদ ক্লাবের বিপক্ষে লা লিগার ম্যাচে অ্যাবডাক্টর ইনজুরিতে পড়েছেন ফর্মে থাকা সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজো। তাকে কতদিন সাইডলাইনে থাকতে হবে জানা যায়নি।