পিএসজির সঙ্গে আগামী জুনেই শেষ লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। এরপর ফ্রি এজেন্ট। প্যারিস ক্লাব তাকে না রাখলে কোথায় যাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। ফুটবলে আকর্ষণ বাড়বে, এমন সম্ভাবনা মাথায় রেখে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা যাচ্ছে। কিন্তু মেসিকে নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই আরবীয় ক্লাব আল তাই-এর।
৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের প্রতি আগ্রহ না থাকার অদ্ভুত কারণ দেখালেন ক্লাবটির প্রেসিডেন্ট তুর্কি আল-দাবান। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে মেসিদের পিএসজির বিদায়ের খোঁচা দিয়ে নিজের অনাগ্রহের কথা প্রকাশ করলেন তিনি।
পিএসজি এবার শেষ ষোলোতে বায়ার্নের কাছে দুই লেগে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে। মেসি ছিলেন দুই ম্যাচেই নিষ্প্রভ। যিনি ইউরোপের মঞ্চে বায়ার্নের সঙ্গে পেরে ওঠেন না, তাকে নেওয়ার কোনও কারণই দেখছেন না আল তাই প্রেসিডেন্ট।
আল-দাবান সৌদি আরবীয় টিভি চ্যানেল এসবিসিকে বলেছেন, ‘আমি আমার দলে এমন কোনও বিশ্বমানের খেলোয়াড়কে চুক্তি করতে চাই না যে বায়ার্ন মিউনিখের সামনে স্টেডিয়ামে বসে মেসির মতো ম্যাচ দেখবে।’