সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ

২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। ভারতের বেঙ্গালুরুর এই প্রতিযোগিতায় এবার এই অঞ্চলের বাইরে থেকে এক বা দুটি দলকে খেলানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিযোগিতার আকর্ষণ বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

আগের দিনই সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফে বাইরের দল খেলানোর ব্যাখ্যায় বলেছিলেন, ‘এই বছর সৌদি আরব ও মালয়েশিয়াকে ঢোকাতে চাইছি। আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এখন ভালো দলের বিপক্ষে খেলতে পারলে সবার উন্নতি হবে। খেলতে খেলতে এক সময় জিতবে।’

আজ (মঙ্গলবার) সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অবশ্য বলেছেন, ‘মার্কেটিং কোম্পানির অনুরোধে শুধু সৌদি আরব-মালয়েশিয়া নয়, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের লক্ষ্য সাফের বাইরে থেকে আসা অন্তত একটি দল যেন খেলে। এরই মধ্যে শ্রীলঙ্কা সাসপেনশন প্রত্যাহারে কাজ শুরু করেছে বলে জানিয়েছে। এখন বাইরে থেকে একটি শক্তিশালী দেশ খেললে টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়বে।’