ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ক্রিস্তিয়ানো রোনালদোর। শীতল সম্পর্কের কথা টিভিতে ফাঁস করে ইংলিশ ক্লাব ছেড়েছিলেন। এবার আল নাসরেও গুঞ্জন শোনা গেলো কোচ রুডি গার্সিয়ার সঙ্গে বনিবনা হচ্ছে না তার! তাতে অবশ্য গার্সিয়াকেই বিদায় বলে দিয়েছে সৌদি ক্লাব। বৃহস্পতিবার গার্সিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আল নাসর।
গার্সিয়ার সঙ্গে শীতল সম্পর্কের গুঞ্জন উঠলেও রোনালদো তাকে শুভকামনা জানিয়েছেন ইন্সটাগ্রামে। ইন্সটাগ্রাম স্টোরিতে গার্সিয়ার সঙ্গে নিজের একটি ছবি দিয়ে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘তোমার সঙ্গে কাজ করতে পেরে উপভোগ করেছি। ভবিষ্যতের জন্য শুভকামনা।’
বুধবার ইএসপিএন জানিয়েছিল, নিজের চাকরি বাঁচাতে আর একটি ম্যাচ পাচ্ছেন গার্সিয়া। যেহেতু তার অধীনে ক্লাবটি সৌদি প্রো লিগে শীর্ষস্থান দখলে নিতে পারেনি। সর্বশেষ আল ফেইহার সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর শিষ্যদেরই সমালোচনা করেছেন, ‘ফলাফল সত্যিই খুব বাজে। ছেলেদের খেলায় মোটেও তুষ্ট নই আমি।’
সৌদি প্রো লিগের ইতিহাস বিবেচনা করলে আল নাসরে অন্যান্য কোচের তুলনায় একটু বেশি টিকে ছিলেন গার্সিয়া। কারণ সবচেয়ে বেশি কোচ ছাঁটাইয়ের ঘটনা ঘটে সৌদি লিগে। হেড কোচরা গড়ে চার মাসের বেশি নিজেদের পদে টিকতেই পারেন না!